দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোরশেদ আলম। তিনি বলেন, ‘আমি নাটেশ্বরের সন্তান। আমি গত ১০ বছর এলাকার উন্নয়নে কাজ করেছি। সন্ত্রাসী, কিশোর গ্যাং সৃষ্টি করিনি। আমি শান্তিতে বিশ্বাসী। আমি উন্নয়ন দিয়ে গেছি।’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই সংসদ সদস্য প্রার্থী।
বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সভায় উপস্থিতদের উদ্দেশ্যে মোরশেদ আলম বলেন, ‘গত ১০ বছরে আমার এলাকায় কোনো খুনখারাবি হয়নি। বিভক্তি বিভাজন হতে দিইনি। এলাকায় সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি। প্রধানমন্ত্রী আমাকে এবারও নৌকা দিয়েছেন। আগামী নির্বাচনে আপনারাসহ মা-বোনদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, নৌকা মার্কায় ভোট দেবেন।’
সভায় সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল হক বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।