ছুটির দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ঢাকার

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরের মধ্যে আজ শুক্রবার (৫ জানুয়ারি) তালিকার শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। এদিন সকাল ১২টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৪৭। বাতাসের এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

শুক্রবার দুপুর ১২টায় তালিকায় ২০২ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচী। ১৯৪, ১৮৯, ১৮৮ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতে কোলকাতা, পাকিস্তানের লাহোর ও ভারতের মুম্বাই শহর। 

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।