পার্থে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে পেয়েছিলেন ৬ উইকেট। পরের তিন ইনিংসেও নিয়েছেন উইকেট। তবে সিডনিতে এসে আমির জামাল যেন 'কামাল' করে দিয়েছেন। ব্যাট হাতে ৮২ রানের পর এবার বল হাতে ৬৯ রান খরচায় নেন ৬ উইকেট।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেটসহ এখন পর্যন্ত চলতি সিরিজে ১৮ উইকেট শিকার করেছেন আমির জামাল। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে তিন ম্যাচ বা তার কমের অভিষেক সিরিজে ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জামাল।
এমন বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ইনিংস শেষে সম্প্রচার চ্যানেলের সঙ্গে কথা বলেছেন এই পাক পেসার। আলাপকালে জানিয়েছেন, তিনি নাকি এখন চাঁদের ওপরে দাঁড়িয়ে আছেন।
পেসার হিসেবে দলে জায়গা করে নেওয়া আমির জামাল নিজেকে অলরাউন্ডার হিসেবে পরিচয় দিয়ে বলেছেন, 'আমি এখন চাঁদের ওপরে আছি। এমন পর্যায়ে আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে এবং তাদের জন্য পারফর্ম করতে পেরে গর্বিত বোধ করছি।'
জামাল যোগ করেছেন, 'একটা সময় আমি পাকিস্তানের খেলা দেখতে আসতাম, চা বিরতির পর অবশ্য চলে যেতাম। আর আজ আমি সেই দলটার হয়ে খেলছি।'
২৭ বছর বয়সে টেস্টে অভিষিক্ত হওয়া আমির আরও বলেন, 'আমি প্রতিবারই নিজেকে ফিরে পাই। আমি রান দিলেও নিজেকে সমর্থন করি। আপনি যখন উইকেট পাওয়ার চেষ্টা করেন, তখন আপনি বাউন্ডারিও হজম করবেন। অধিনায়ক, সহ-অধিনায়ক, কোচিং স্টাফ- তারা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। তারা চেয়েছিল আমি যেভাবে বোলিং করছিলাম সেভাবেই বোলিং করি।'