সোমালিয়া উপকূলের কাছে ১৫ ভারতীয় ক্রুসহ জাহাজ ছিনতাই

ভারতের ১৫ জন ক্রুসহ সোমালিয়া উপকূলের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৫ জানুয়ারি) এ খবর জানিয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং ক্রুদের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে কাজ শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। মোতায়েন করা হয়েছে যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই।    

এনডিটিভি জানায়, ‘এমভি লিলা নরফোক’ গতকাল বৃহস্পতিবার রাতে সোমালিয়া উপকূলে ছিনতাইয়ের শিকার হয় বলে খবর পায় ভারতের নৌবাহিনী। এরপরই জাহাজটির গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে তারা। ভারতের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, নৌবাহিনীর উড়োজাহাজ এমভি লিলার ওপর নজর রাখছে এবং ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।

ক্রুরা জাহাজের একটি ‘নিরাপদ’ জায়গায় আছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।