বিরক্ত রামোস দর্শককে ধমকালেন, ‘চুপ করুন’

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেভিয়া জিততে পারেনি একটি ম্যাচও। ছয় ম্যাচের শেষ চারটিতেই হেরে তারা বিদায় নেয় গ্রুপের তলানিতে থেকে। আর লা লিগায় টানা তিন হারে মৌসুম শুরুর পর এখনো ফিরতে পারেনি তারা। ১৯ ম্যাচে জয় কেবল তিনটি। সবশেষ অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারের পর সেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। কথা বলার মাঝে এক সমর্থকের বাধা ভালোভাবে নিতে পারেননি রামোস। ক্ষুদ্ধ হয়ে ওঠেন সে সময়।

বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে হেরে গেছে সেভিয়া। চলতি লিগায় এটি তাদের নবম হার। এর পরই ঘটে ওই ঘটনা। ম্যাচ শেষে ডিএজেডএন-কে সাক্ষাতকার দেওয়ার সময় রামোস বিরক্তির সঙ্গে ওই দর্শককে লক্ষ্য করে বলেন, ‘একটু সম্মান দেখান, আমরা কথা বলছি। নিজেদের মানুষ এবং এই সেভিয়া ব্যাজের প্রতি শ্রদ্ধা দেখান। চুপ করে এখান থেকে চলে যান।’

মিকেল ভেসগার গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া বিলবাও দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে আইতর পারেদেসের লক্ষ্যভেদে। ম্যাচের বিরতিতে এবং শেষে ঘরের মাঠেই দর্শকদের দুয়ো শুনতে হয় সেভিয়া দলকে।

সাফল্য না আসায় গত বছর দুইজন কোচকে ছাঁটাই করে সেভিয়া। দায়িত্ব দেওয়া হয় কিকে সানচেস ফ্লোরেস-কে। এই স্প্যানিয়ার্ডের হাত ধরে প্রথম ম্যাচেই জয়ের দেখা পায় সেভিয়া, ৩-০ গোলে তারা হারিয়ে দেয় গ্রানাদাকে। তার পর আবার খেই হারায় দলটি। লা লিগায় ১৯ ম্যাচে ৩ জয় ও ৭ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে সেভিয়া।