জাপানে ভূমিকম্প

৩ দিন পর বৃদ্ধাকে জীবিত উদ্ধার, এখনো নিখোঁজ ২৫০  

জাপানে শক্তিশালী ভূমিকম্পের ৩ দিন পর বিধ্বস্ত স্থাপনার নিচ থেকে এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার বয়স ৮০ বছর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকেতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ওয়াজিমা শহরের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ওই নারীকে বের করে আনা হচ্ছে।

তবে ওই ভূমিকম্পের পর এখনো নিখোঁজ রয়েছে ২৫০ জন। গত সোমবার (১ জানিুয়ারি) জাপানের স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর কেন্দ্রস্থল ছিল প্রত্যন্ত নোতো উপদ্বীপ।

ধারণা করা হচ্ছে, শক্তিশালী ভূমিকম্পের কারণে সুজু ও ওয়াজিমা শহরে বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ৩০ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।