মধ্যরাত থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচল বন্ধ

আজ শুক্রবার রাত ১২টা থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। আগামী ৮ জানুয়ারি সোমবার রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 

এ ছাড়া নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কতিপয় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পরিপত্র অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনমূলে অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সাংবাদিক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সব নিষেধাজ্ঞা যথাযথভাবে বলবৎ করার জন্য এবং প্রয়োজনবোধে জনসাধারণের অবগতির জন্য ট্রাফিক সাইন প্রদর্শনের নিমিত্ত জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি (রবিবার) সকাল ৮টায় থেকে শুরু হবে দ্বাদশ নির্বাচনের ভোটগ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি। ২৯৯ আসনে এক হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন এক হাজার ৫৩৪ প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।

ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেছে, এবার সারা দেশে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখে। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন। এর মধ্যে ১ কোটি ৫৪ লাখ নতুন ভোটার। যারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।