যৌন কেলেঙ্কারিতে নাম জড়ালো প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংয়ের। গত বৃহস্পতিবার নিউইয়র্ক আদালত ধনকুবের জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কিত মামলার কিছু নথি প্রকাশ করে। ‘জেফরি এপস্টেইন লিস্ট’ নামের এই নথিতে যে ১৭০ জনের নাম রয়েছে তার মধ্যে রয়েছেন স্টিফেন হকিংও।
বিবিসি জানিয়েছে, প্রকাশিত নথির মধ্যে বিখ্যাত মানুষের নাম যেমন আছে, তেমনি ভুক্তভোগী নারী, সাক্ষী, জেফরির কর্মচারীদের নামও রয়েছে। নথিতে প্রকাশ্যে আসা কয়েক জনের নাম রীতিমতো বিস্ময়কর। এতে আছে মাইকেল জ্যাকসন, প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের নাম।
ফক্স নিউজ জানিয়েছে, ভার্জিনিয়া গিফ্রে নামে এক ভুক্তভোগী ২০১৫ সালে অভিযোগ করেছিলেন জেফরি তাকে হকিংয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিলেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে বান্ধবী এবং সহকর্মী গিসলাইন ম্যাক্সওয়েলের কাছে এ বিষয়ে একটি ই-মেইলও পাঠিয়েছিলেন জেফরি। তাতে বলা হয়, হকিংয়ের বিরুদ্ধে করা সব অভিযোগ যেন তুলে নেওয়া হয়। এতে ক্লিনটনের সঙ্গে হকিংয়ের একটি নৈশভোজের কথা উল্লেখ আছে।
এদিকে যৌন কেলেঙ্কারিতে হকিংয়ের নাম জড়ানোয় অনেকেই বিস্মিত হয়েছেন। খুব কম বয়সেই তার শরীরের বড় অংশ পক্ষাঘাতে আক্রান্ত হয়। ২০১৮ সালে তিনি মারা যান। তবে কাজের কারণে তিনি মৃত্যুর পরেও আলোচনায় থেকেছেন।
সিএনএন জানিয়েছে, নথিতে বিল ক্লিনটনের নাম অনেকবার সেছে। ২০১৬ সালে একটি শুনানির সময় ভুক্তভোগী জোহানা সজোবার্গ বলেন, বিল ক্লিনটন বেশ কয়েকবার জেফরির ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন। আবার ক্লিনটন-ট্রাম্প ছাড়াও রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর নামও এসেছে কেলেঙ্কারিতে।
উল্লেখ্য, এক মামলায় যৌন অপরাধী ধনকুবের জেফরি এপস্টেইনকে ২০১৯ সালে কারাগারে পাঠানো হয়। ওই বছরই তিনি কারাগারে আত্মহত্যা করেন। ২০২১ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত করা হয় গিসলাইনকেও। তিনি বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।