অনিয়মে বন্ধ মক্কা-মদিনার ৩৩০ হোটেল-অ্যাপার্টমেন্ট

মুসলমানদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত মক্কা ও মদিনায় ৩৩০টি হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে সৌদি আরব। দেশটির পর্যটনবিষয়ক মন্ত্রণালয় অনিয়মের অভিযোগ পেয়ে এসব হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করে দেয় বলে প্রতিবেদনে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি পর্যটনবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হোটেল ও অ্যাপার্টমেন্ট বন্ধ করার আগে মক্কা ও মদিনা পরিদর্শন করেছে তাদের তদন্ত দল। পরিদর্শনকালীন মক্কায় দুই হাজারের বেশি আইন লঙ্ঘনের তথ্য মিলেছে। এছাড়া ২৮০ প্রতিষ্ঠান লাইসেন্স পাওয়ার আগেই কার্যক্রম শুরু করে।

অন্যদিকে মদিনায় এক হাজার ২০০টি আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়া লাইসেন্স সংক্রান্ত জটিলতায় ৫০টি পর্যটন সুবিধা সংক্রান্ত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

২০৩০ সালের মধ্যে ১০০ মিলিয়ন পর্যটক আনার লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি পবিত্র হজ পালন করতে সৌদি যান। হজের মৌসুমে দেশটির আর্থিক খাতের বড় একটি অংশ আসে হাজিদের কাছ থেকে। এছাড়া বছরব্যাপী ওমরাহ যাত্রীদের কাছ থেকে পাওয়া রাজস্ব দেশটির অর্থনীতির অন্যতম বড় খাত।