ডামি নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন ও ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ ও এম তাহের রহমান, কর্মী জুবায়ের হোসেন, শরিফ মাহমুদ, রাকিব আল ইসলাম প্রমুখ।
ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না।
অনতিবিলম্বে এই 'ডামি নির্বাচন' বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও গণতন্ত্রকামী কারাবন্দি সব মানুষের মুক্তির দাবি জানান তিনি।