আগামী রবিবার অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় দলের ১১জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল জেলা ওলামা দলের আহ্বায়ক ও মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন সিদ্দিকী, টাঙ্গাইল জেলাধীন সদর উপজেলা বিএনপির সদস্য মো. আজাহারুল ইসলাম লাবু, মো. আবুল হোসেন আবু, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, মধুপুর পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. সাদমান আনোয়ার রবিন এবং নাগরপুর উপজেলাধীন মোকনা ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন খান রাজা, কুষ্টিয়া জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি, গাজীপুর জেলাধীন গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহান শাহ, সাতক্ষীরা জেলাধীন সদর উপজেলার অন্তর্গত ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমান এবং শ্যামনগর উপজেলার অন্তর্গত ইশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা বেলালী টুটুল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।