এবার সেগুনবাগিচায় দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সেগুনবাগিচার বারডেম-২ এর সামনে এ ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

আখতারুল ইসলাম বলেন, আজ রাত ৮টার পরে হাসপাতালের পাশের গলি থেকে কয়েকজন মিছিল বের করে। তাদের পুলিশ ধাওয়া দেয়। এরপর পালিয়ে যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে যথাযথ আইনগত প্রদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে ফের চারটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ এফ হলের বিপরীত পাশের রাস্তায় নীলক্ষেত তোরণ গেটের পাশে একটি মোটরসাইকেল থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়।