নয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারালো ভারত

নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কওর। সবগুলো উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া জড়ো করে ১৪১ রান। ১৪২ রানের লক্ষ্যে ১৪ বল ও ৯ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ভারত।

রান তাড়ায় নেমে ১১.২ ওভারেই শতরানের জুটি গড়েন দুই উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ৩২ বলে ৬ চার ও ২ ছয়ে নিজের ফিফটি পূর্ণ করেন শাফালি। আরেক পাশে শেফালিকে সঙ্গ দিয়ে ৫০ বলে নিজের ফিফটি পূর্ণ করেন স্মৃতি। ৫২ বলে ৫৪ রান করে জয় থেকে ৫ রান দূরে থাকতে আউট হন স্মৃতি। শেফালি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬ চার ও ৩ ছয়ে অপরাজিত থাকেন ৪৪ বলে ৬৪ রান করে। 

তিতাস সাধুর চমৎকার বোলিংয়ের পর ফিবি লিচফিল্ড ও এলিসা পেরির ব্যাটিংয়ে ১৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪১ রান জড়ো করে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে একেবারে মাপা লেন্থে বল করে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে বেশ ভোগান্তির মধ্যে ফেলেন তিতাস সাধু। তুলে নেন বেথ মুনি, তালিয়া ম্যাকগ্রা ও অ্যাশলে গার্ডনারের উইকেট।

৩৩ রানে চার উইকেট হারানো অজিদের হাল ধরেন এলিসা ও লিচফিল্ড। পঞ্চম উইকেটে তাদের ৭৯ রানের জুটি সংগ্রহটা বড় করতে পারে অস্ট্রেলিয়া। ৩২ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৯ রান করেন ফিবি লিচফিল্ড। এলিসা পেরির ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৭ রান। ২০ বছর বয়সী তিতাস ৪ ওভারে ১৭ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। দুটি করে উইকেট পান শ্রেয়াঙ্কা পাটিল ও দীপ্তি শর্মা।