ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিভল দুই শিশুর প্রাণ

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে  দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত ৪ জনের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিরন মিয়া।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্যমতে নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আজ শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগে। বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল।

রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

জানতে চাইলে রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি নাশকতা নাকি গোলযোগ বিষয়টি যাচাই করা হচ্ছে।