যদি ব্যাটে বলে মিলে যায়...

ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের উজ্জ্বল চরিত্র ইভা, এই চরিত্রে অভিনয় করে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন পারসা ইভানা। শুধু অভিনয়শিল্পী নন, তিনি একজন নৃত্যশিল্পীও বটে। বিশ্বের বিভিন্ন দেশে নাচের অনুষ্ঠানও করেছেন। সম্প্রতি জিয়াউল হক পলাশের সঙ্গে একটি কাজের খবর শোনা গেল। কাজ ও সমসাময়িক বিষয় নিয়ে পারসা ইভানার সঙ্গে কথা বলেছেন মাহতাব হোসেন

কেমন আছেন?

প্রচণ্ড শীত, তারপরও ভালো আছি।

নতুন কাজের খবর শোনা গেল, সে বিষয়ে বলুন।

দুঃখিত শর্টফিল্মের এখনো শুটিং ডেট কনফার্ম হয়নি। তবে এই জানুয়ারিতে শুটিং হবে এটা মোটামুটি জানি। এটা হয়তো জানেন লাস্ট স্টোরিজ নামের একটি ক্যাম্পেইনের চারটি শর্টফিল্মের একটি। এখানে কাজল আরেফিন অমি ভাইয়ের একটি শর্টফিল্মে কিয়াজ করছি। এমন ক্যাম্পেইনে আমি কখনো কাজ করিনি। এটা আমার ফার্স্ট টাইম এবং আমি অনেক এক্সাইটেড।

ব্যাচেলর পয়েন্টের ইভা সম্পর্কে দর্শকদের অনেক আগ্রহ...

ব্যাচেলর পয়েন্ট আমার জন্য একটা ড্রম প্রোজেক্ট ছিল। প্রত্যেকটা শিল্পীর একটা স্বপ্ন থাকে জনপ্রিয় কোনো কনটেন্টের সঙ্গে সংযুক্ত থাকার। আমার লাক ফেভার করেছে যে আমি ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছি। আমি যদি সারাজীবন অভিনয় আর নাও করি তবে আমার সঙ্গে ক্যারি করে যাব ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটা।

দর্শকরা ইভানাকে কীভাবে চেনে, মানে কোন পরিচয়ে?

পারসা ইভানাকে দর্শকরা একেক মাধ্যমে একেকভাবে চিনেছে। কিছু দর্শক পারসা ইভানাকে চিনেছে নাচের কারণে, কিছু দর্শক চিনেছে অভিনয়ের কারণে। কিছু দর্শক পারসা ইভানাকে ব্যাচেলর পয়েন্টের ইভা হিসেবে চেনে। আমার অন্য কাজগুলো দেখেও চেনে। তবে আমি অল্প কথায় বলব, দর্শক পারসা ইভানাকে নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী এই দুই পরিচয়েই চেনে।

জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি কেমন উপভোগ করেন?

পলাশের সঙ্গে প্রত্যেকটি জুটিই দর্শক গ্রহণ করেছে। দর্শক গ্রহণ না করলে হয়তো এতদিন একসঙ্গে কাজ করতে পারতাম না। অবশ্যই দর্শক একটা ফ্যাক্ট। দর্শকরা আমাদের দুজনকে সুন্দরভাবে গ্রহণ করতে পেরেছে বলেই আমরা এখনো কাজ করতে পারছি। এটা আমার জন্য আশীর্বাদস্বরূপ বলতে পারেন।

চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে নাকি?

চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা অবশ্যই আছে। যদি কখনো ভালো গল্প, ভালো নির্মাতা, ভালো কো-আর্টিস্ট মানে সব কিছু মিলেই তো একটা টিমওয়ার্কের মাধ্যমে সিনেমাটা হয়। যদি কোনো টিম আমাকে প্রপোজাল দেয়, তাদের সঙ্গে ব্যাটে-বলে মিলে যায় অফ কোর্স আমার ইচ্ছা আছে চলচ্চিত্রে অভিনয় করার। নিজেকে বড় পর্দায় দেখতে চাই।

নিজেকে বিশ্লেষণ করুন।

যে জায়গায় আছি এখন, এখান থেকে নিজেকে আর বেশি চেঞ্জ দেখতে চাই। আর স্ট্রংভাবে নিজেকে দেখতে চাই। একজন শক্তিশালী অভিনয়শিল্পী হতে চাই আমি। খুব একটা ভবিষ্যৎ পরিকল্পনায় বিশ্বাসী না। এখন আমি যে জায়গাটায় আছি, সেখান থেকে আমি আরও বেটার পারসন হতে চাই। নিজের জন্য যেসব ভালো সেসব ধীরে ধীরে বোঝার চেষ্টা করছি।  নিজেকে পরিবর্তন করার ও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।

আজ আলাপ শেষ। ভালো থাকুন।

আপনিও।