আমি শুধুই একজন পালাকার

মাটি ও মানুষের গন্ধ লেগে আছে শরীরে এ কথা বারবার বললেন তিনি। দৃঢ় প্রত্যয় আর তপস্যার গুণে কিশোরগঞ্জের অজপাড়াগাঁ থেকে উঠে এসে আজ তিনি কোক স্টুডিও বাংলার ভেরিফায়েড সুপার-সিঙ্গার। ইসলাম উদ্দিন পালাকার বললেন, মানবপ্রেমেই স্রষ্টা খোঁজেন তিনি। তার মুখে সেই মানুষ আর স্রষ্টা খোঁজার গল্প শুনেছেন ইমরোজ বিন মশিউর

ইসলাম উদ্দিন কি শুধুই একজন পালাকার না তার অন্য কোনো পরিচয় আছে?

আমি শুধুই একজন পালাকার। আমার আর অন্য কোনো পরিচয় নেই। আমি যা সে পরিচয় দিতেই ভালোবাসি।

আপনি কুদ্দুস বয়াতীর শিষ্য। আপনাদের গুরু-শিষ্যের সম্পর্ক কেমন ছিল? আর গুরু-শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?

জি, উনি আমার উস্তাদ। উস্তাদের সঙ্গে আবার সম্পর্ক কেমন হবে উস্তাদ তো উস্তাদই। তিনি আমার উস্তাদ, আমি সব সময় তাকে স্মরণ করি। আমি যখন পালা গাইতে যাই, বন্দনার (পালাগান শুরুর সময়ের স্তুতি বা প্রশংসাকাল) মধ্যে তারে স্মরণ করি। প্রতিটি পালাগানে আমি তার নাম স্মরণ করি। উনার চরণে আমার সালাম পৌঁছে দিই। আমি মনে করি গুরু-শিষ্যের সম্পর্ক বাবা-ছেলের মতো হওয়া উচিত।

পালাগান আর কিচ্ছাগান কি একই?

হ্যাঁ, একই। এলাকা বা স্থানভেদে এই নাম আলাদা হয়েছে। পালাগানের মধ্যে আমরা একটা কাহিনি বলার চেষ্টা করি। কাহিনি আর কিচ্ছা তো একই, তাই না? তাই পালাগান আর কিচ্ছাগানও এক।

পালাগানের সঙ্গে বাউল গানের পার্থক্য কী?

দুটি দুধরনের গান। প্রায় সব পালাকারই বাউলশিল্পী তবে সব বাউলশিল্পী কিন্তু পালাকার নন। বাউল গান পাঁচ থেকে দশ মিনিটের আর পালাগান পাঁচ ঘণ্টার। এটাই মূল পার্থক্য। বাউল আর পালাগান এক করার কোনো সুযোগ নেই। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

আপনি বাউল না পালাকার?

আমি একজন পালাকার, আমি বাউল না। আমি শিখেছি পালাগান, আমি করি পালাগান। আমি বাউল না, আমি পালাগানের একজন শিল্পী।

আপনার প্রিয় পালাকার কে?

পালাগানের সব শিল্পীই আমার প্রিয়। সবাই আমার চেয়ে বড়। আমি সবার ছোট। আমি সবাইকেই আমার চেয়ে বড় এবং আমার চেয়ে ভালো মনে করি। তবে যেহেতু আমার উস্তাদের (কুদ্দুস বয়াতী) গানে মুগ্ধ হয়ে আমি পালাগান শিখেছি তাই আমি তাকেই আমার প্রিয় পালাকার বলে মনে করি।

অনেকে বলেন বাউল বা পালাকারদের কোনো বিশেষ ধর্ম নেই, এরা মানবধর্মে বিশ্বাসী। এ সম্পর্কে কী বলবেন?

মানবধর্ম তো আছেই তবে সবার ওপরে আমার আল্লাহ-রাসুল। সব মিলিয়েই ধর্ম। আপনি কোনো কিছুই ফেলতে পারবেন না। মানুষকে ভালোবাসা অবশ্যই ভালো। তবে আল্লাহ-রাসুল ছাড়া আমার কাছে ধর্ম আসলে ধর্ম না।

আপনি তো সংসারী মানুষ। পালাগান করে আপনি ও আপনার দলের অন্য সদস্যদের সংসার চলে?

পালাগানের চাহিদা এখন আর আগের মতো নেই। আগে প্রতিদিনই পালা করতাম। কোনো কোনো দিন দিনেও করতাম, রাতেও করতাম। এখন অবস্থা আগের মতো নেই। তাই পালাগান করার পাশাপাশি এখন আমাদের সবাইকেই কম-বেশি অন্য পেশায় যেতে হয়েছে। আমরা পালাও করি আবার অবসরে অন্য কাজও করি। তবে পালার অবসরে অন্য কাজ করি, অন্য কাজের অবসরে পালা করি না।

বলা হয়ে থাকে আপনারাই পালাগানের শেষ প্রজন্ম। আপনি কি একমত?

কথাটা সত্য কিনা জানি না তবে একসময় ছোট বয়সে আমরা বা আমাদের মতো অনেকেই পালা শিখতে উস্তাদ ধরেছিল। তাদের অনেকেই এখন পালাগান করেন। দুঃখজনক হলেও সত্য আমার বা তাদের কোনো শিষ্য নেই। এর মানে নতুন করে কেউ পালাগান শিখছে না। যদি না-ই শেখে তবে পালা করবে কে?

কোক স্টুডিওর বদৌলতে একজন গ্রামীণ পালাকারের হঠাৎ শহুরে সুপারস্টার হয়ে ওঠা কতটা উপভোগ করেন?

হ্যাঁ, আমার ভালো লাগে। দেখুন, আমি তো গানের মানুষ। আমি মানুষের জন্য গান গাই। মানুষকে কিছু বলতে এবং মানুষের কথা শুনতে আমার ভালো লাগে। আর এই বিষয়টিও আমার ভালোই লাগে।

গান দিয়ে জীবন বদলানো যায়?

যায়, অবশ্যই যায়। কোন গান কখন কার ওপর কেমন প্রভাব ফেলবে তা কেউ বলতে পারে না। সবার জন্য সব গান নয়। তাহলে গানের এত রকমফের হতো না। গানের যত রকম, গানের ততরকম প্রভাব। অবশ্যই মানুষের জীবনের ওপর গানের প্রভাব আছে এবং গান মানুষের জীবন বদলাতেও পারে। গানের মাধ্যমে মানুষের হেদায়েত হয় এটা আমি বিশ্বাস করি।