‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ফেনী-৩ আসনের বাঁশি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ খবর নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের কোনো বিশ্বাস নেই। এলাকার মানুষ মনে করেন, গণতন্ত্রকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাতে এখন আর তারা আস্থা রাখতে পারছেন না। এটি গণতন্ত্রের জন্যে অশনি সংকেত। আমি গণসংযোগে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। কিন্তু মানুষ ভোট দিতে যাওয়ার জন্য রাজি নয়। তারা বলছেন, ভোট দিয়ে কী হবে? এমপি তো নির্ধারণ হয়ে আছে। ফলে যে জনপ্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হয় না, সেই জনপ্রতিনিধি আমি হতে চাই না। তাছাড়া এখানে নির্বাচন মানে শুধু ফলাফল ঘোষণার পালা। এমন নির্বাচনে থাকা মানে তথাকথিত ‘ডামি’ নির্বাচনকে সহায়তা ও সমর্থন করা, যা আমি করতে চাই না।
রিন্টু আনোয়ার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে তিনি মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ছিলেন।