ভোট নিয়ে ওআইসি কমনওয়েলথ দলকে আশ্বাস আ.লীগের

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে ওআইসি ও কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলকে আশ্বস্ত করেছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা সংস্থা দুটির পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করে এ আশ্বাস দেন।

রাজধানী হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক হয়। বৈঠকে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলকে স্বাগত জানান আওয়ামী লীগের প্রতিনিধিরা। তারা আগামীকাল রবিবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে ১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। আওয়ামী লীগের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত জমির উদ্দিন, প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওআইসির সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগ।

এতে তিন সদস্যদের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাচনী পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যালের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ইউসুফ মোহাম্মদ আল দুবাই।