ব্যালট পেপারের ছবি তুলে নৌকায় ভোট চাইলেন যুবক

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ভোটের একদিন আগেই ব্যালট পেপারের ছবি তুলে নৌকা মার্কায় ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠছে এক যুবকের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে পাভেল কবির সরকার (Pavel kabir sarkar) নামের একটি ফেসবুক আইডি থেকে ৫০ জনকে ট্যাগ করে স্ট্যাটাস দেওয়া হয়।

ওই স্ট্যাটাসে বলা হয়, 'আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার বিতরণের কাজ চলছে। জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদের ব্যালট পেপারে তিনটা প্রতীকের মাঝের প্রতীক নৌকা প্রতীকে সবাই সঠিক জায়গায় সিল মেরে নৌকা প্রতীককে জয়যুক্ত করুন।'

ওই আসনের অন্য প্রার্থীরা বলেন, ব্যালট পেপার অত্যন্ত গোপন বিষয়। কিন্তু ভোট অনুষ্ঠিত হওয়ার আগেই ব্যালট পেপারের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তাদের দাবি, এই ব্যালটের ছবি কিভাবে ওই যুবক পেল, তা তদন্ত করা হোক। ওই যুবক নৌকা মার্কার সমর্থক। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি নৌকা মার্কার ৫০ হাজার ব্যালট পেপার ছাপানো হয়েছে। ইতোমধ্যেই এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া বলেন, 'ব্যালট পেপারের ছবি তুলে ফেসবুকে পোস্টের বিষয়টি তার নজরে আসনি। তবে কেই লিখিত অভিযোগ দিলে, তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’