সোমালিয়া উপকূল থেকে ছিনতাই হওয়া এমভি লিলা নরফোক জাহাজ ও জাহাজের ১৫ ভারতীয়সহ ২১ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে। ভারতের নৌবাহিনী ‘মার্কোস’ কমান্ডোদের এক সফল অভিযানে তাদের উদ্ধার করা গেছে। নাবিকদের সবাই সুস্থ ও নিরাপদে আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। একই সঙ্গে জাহাজটিকেও মুক্ত করা গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) জাহাজ ও নাবিকদের জিম্মিদশা থেকে মুক্ত করা হয়। ভারতীয় নৌসেনার এলিট কমান্ডো ইউনিট মার্কোসের সদস্যরা জাহাজের ডেক প্রথমে দস্যুমুক্ত করেন। এরপর জিম্মি নাবিকদের উদ্ধার করেন।
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, নৌবাহিনীর সদর দপ্তর থেকে পুরো উদ্ধার অভিযানটি পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভারতীয় ক্রুসহ জাহাজটি হাইজ্যাকের খবর প্রথম প্রকাশ করে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও)।
হাইজ্যাকের তথ্য জানার পর ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই, একটি নেভি ডেস্ট্রয়ার ওইদিকে রওনা দেয়। এছাড়া হেলিকপ্টার পাঠিয়ে জলদস্যুদের কাছে জাহাজটি ছেড়ে দিতে সতর্কতা বার্তা পাঠানো হয়।
সোমালিয়া উপকূলে এমন সময় জাহাজ হাইজ্যাকের ঘটনা ঘটল— যখন হামাস ও ইসরায়েলের যুদ্ধের কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লোহিত সাগরে চলাচল করতে না পারায় জাহাজগুলো এখন অনেক দূর ঘুরে আসছে। গত মাসেও আরব সাগরে ভারতীয় উপকূলের কাছাকাছি একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।