সময় শেষ হওয়ার পরও অন্যের পক্ষে প্রচারণা, এমপি আবু জাহিরকে শোকজ

হবিগঞ্জ-৩ আসনের এমপি ও নৌকার প্রার্থী মো. আবু জাহিরকে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হওয়ার পরেও অন্য আসনের নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

শুক্রবার রাতে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জের যুগ্ম ও জেলা দায়রা জজ জেরিন সুলতানা এ নোটিশ দেন। তাকে আজ শনিবারের মধ্যে সশরীর হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বিধি লঙ্ঘন করে শুক্রবার দুপুর ১২টার পর মো. আবু জাহির হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী ময়েজ উদ্দিন শরীফের পক্ষে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন, মক্রমপুর ইউনিয়ন, সুজাতপুর ইউনিয়ন ও মন্দরী ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বাজারগুলোতে নৌকার পক্ষে প্রচারণা ও মিছিল করেন। নির্বাচনী বিধি অনুযায়ী কেন আবু জাহিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা  শনিবারের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানকে লিখিতভাবে সশরীর বা বাহক মারফতে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, হবিগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্রী প্রার্থী মো. আবদুল মজিদ খানের পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট মো. আরিফ ফয়সল খান শুক্রবার বিকেলে এই প্রচারণার বিষয়ে অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেন।

জানা যায়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির প্রচারণার খবর পেয়ে হবিগঞ্জ-২ আসনের ঈগল মার্কার প্রার্থী আব্দুল মজিদ খান এমপির পক্ষে সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটিকে তাৎক্ষণিক মৌখিকভাবে অভিযোগটি জানালে তারা ঘটনাস্থলে রওনা হন। তদন্ত কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসছে টের পেয়ে আবু জাহির এমপি নিজের জিপে না উঠে তড়িঘড়ি করে একটি মাইক্রেবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

শোকজের বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জের যুগ্ম ও জেলা দায়রা জজ জেরিন সুলতানার সহকারী মো. আরিফ আহমেদ।