একটি-দু’টি নয় পুরো চার হাজার ডলার নোট চিবিয়ে খেল কুকুর। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ শহর। ঘটনার সময় ক্লেটন ল ও তার স্ত্রী ক্যারি নিজেদের বাড়িতে সীমানাবেষ্টনী বসাচ্ছিলেন। বেড়া বসাতে আসা কর্মীরা অনুরোধ করেন, তাদের মজুরিটা যেন নগদ অর্থে দেওয়া হয়। তাই ক্লেটন একটি খামে করে ১০০ ও ৫০ ডলারের মোট ৪ হাজার ডলার রান্নাঘরের কাউন্টারে রেখে দেন।
সংবাদমাধ্যম সিএনএন বলছে, ডলার রেখে যাওয়ার আধা ঘণ্টা পর ক্লেটন তাদের পোষা কুকুর সেসিলকে খুঁজতে রান্নাঘরে যান। কিন্তু এসে খামটি আর দেখতে পাননি, আশপাশে ছেড়া ডলার ছড়িয়ে ছিটিয়ে আছে, পাশেই দাঁড়িয়েছিল সেসিল। ক্লেটনের বুঝতে বাকী থাকে না যে তার ডলারগুলো গেছে কুকুরটির পেটে। ঘটনাটি ঘটে ডিসেম্বরে।
স্থানীয় এক টেলিভিশন সাক্ষাৎকারে ক্লেটন বলেন, আমি সেখানে গিয়ে দেখি, মেঝেতে কিছু ডলারের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে আছে। আর সেগুলো চিবানো। পাশে সেসিল দাঁড়িয়ে আছে। কিছু ডলার সে খেয়েও নিয়েছে। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার স্ত্রী ক্যারিকে চিৎকার করে ডাকতে শুরু করি। তাকে বলতে থাকি, সেসিল ডলার খেয়ে ফেলেছে, ৪ হাজার ডলার খেয়ে নিয়েছে।
পরে তারা দুজনে মিলে মেঝেতে পড়ে থাকা ডলারের টুকরাগুলো জড়ো করে দেড় হাজার ডলারের সিরিয়াল নম্বর মেলাতে পেরেছিলেন। পরে তা ব্যাংক থেকে পরিবর্তন করে নেওয়া হয়। ঘটনার দিন সন্ধ্যার দিকে সেসিল বমি করলে, ১০০ ডলারের আরও বেশ কিছু নোট বেরিয়ে আসে। শেষ পর্যন্ত ওই দম্পতি ৩ হাজার ৫৫০ ডলার উদ্ধার করতে সক্ষম হন। তবে ওই ডলারগুলো পরিষ্কার করাটা মোটেও সুখকর ছিল না, বলেছেন ক্লেটনের স্ত্রী ক্যারি।