এক যুগের টেস্ট ক্যারিয়ারের ইতিটা ডেভিড ওয়ার্নার টানলেন ৫৭ রানের ইনিংস খেলে। তাতে অস্ট্রেলিয়া ৮ উইকেটের জয় তুলে নিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করেছে সিরিজে। ওয়ার্নারও ১১২ টেস্ট খেলে ব্যাগি গ্রিন টুপিটা চিরকালের জন্য তুলে রাখলেন তিনি।
ওয়ার্নারের কাছে এমন বিদায় নাকি স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। ম্যাচ শেষে সে কথাই জানালেন।
২০১১ সালে অভিষেক হওয়া ওয়ার্নার বলেন, '৩-০ ব্যবধানে জেতা এবং গত ১৮ মাস থেকে দুই বছর অস্ট্রেলিয়া দলের জন্য দারুণ কাটানো সময়টা স্বপ্ন সত্যি হওয়ার মতো। দারুণ কয়েকজন সতীর্থের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। এই দলের ছেলেরা নিজেদের দায়িত্বটা যথাযথভাবেই পালন করে।'
ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার ঘরের দর্শকদের সামনে এসে এবং আমার ক্যারিয়ারের শেষ ম্যাচকে তারা আমাকে এবং দলকে যে সমর্থন দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।'
তিনি কীভাবে স্মরণীয় হতে চান? এমনটি জানতে চাইলে বলেন, 'রোমাঞ্চকর, বিনোদনমূলক এবং আমি আশা করি আমি যেভাবে খেলেছি তাতে সবার মুখে হাসি ফোটাতে পারব।'
ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার ওয়ার্নার ৭০.২০ স্ট্রাইক রেটে ৪৪.৬০ গড়ে ৮ হাজার ৭৮৬ রান সংগ্রহ করে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেন। আছে ২৬টি সেঞ্চুরি ও ৩৭টি ফিফটি।