খাগড়াছড়ির দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে নির্বাচনের আগের দিন ব্যালট পৌঁছে দিচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তা। নিরাপত্তাজনিত কারণে এসব কেন্দ্রে আগভাগেই ব্যালট পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
তিনি বলেন, নিরাপত্তার কথা ভেবে আমরা আজ দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ব্যালট পাঠিয়েছে। জেলা শহরের কাছের কেন্দ্রগুলোতে নির্বাচনের দিন সকালেই ব্যালট পৌঁছবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি আসনের ১৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেক কেন্দ্রে ব্যালট পাঠিয়ে দেওয়া হয়েছে আজ শনিবার। এর মধ্যে তিনটি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারযোগে ব্যালট পাঠানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রগুলোতে নির্বাচন সরঞ্জাম, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা ও আইন শৃখলাবাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলার দীঘিনালার সেনানিবাস হেলিসর্টি থেকে নির্বাচনী সামগ্রী, নির্বাচন কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টার উড়ে যায় উপজেলার অতি দুর্গম নারাইছড়িতে। এর আগে শুক্রবার দুপুরে জেলার লক্ষীছড়ির দুটি কেন্দ্রের জন্য হেলিকপ্টারে করে এসব পাঠানো হয়। জেলার ওই তিনটি হেলিসর্টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৫৩৮ জন।
দ্বাদশ নির্বাচনে খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দিতা করছেন চারজন প্রার্থী। আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির উশ্যেপ্রু মারমা ও এনপিপির মো. মোস্তফা।