যুব বিশ্বকাপ ২০২৪

আরও একটি সাফল্যের লক্ষ্যে সোমবার দেশ ছাড়বে যুবারা

এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলা হয়েছে। এবার পরের অভিযাত্রা- বিশ্বকাপ। মাহফুজুর রহমান রাব্বীর অধিনায়কত্বে আগামী সোমবার, ৮ জানুয়ারি দিবাগত রাত একটায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। বয়সভিত্তিক দলের প্রধান নির্বাচক হান্নান সরকার দেশ রূপান্তরের সঙ্গে আলাপচারিতায় এসব জানান। তার আগে আজ মিরপুরে অফিসিয়াল ফটোশ্যুট সম্পন্ন করে দল।

শ্রীলঙ্কা থেকে স্থানান্তুরিত হয়ে দক্ষিণ আফ্রিকায় ১৯ জানুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে যুব ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। পাঁচটি মাঠে অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচগুলো।

১৯ জানুয়ারি আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশ রয়েছে আসরের ‘এ’ গ্রুপে। ২০. ২২ ও ২৬ জানুয়ারি গ্রুপপর্বে নিজেদের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনে। টাইগার যুবাদের আসর শুরুই হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর আয়ারল্যান্ড ও সবশেষ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবেন রাব্বী-আহরাররা।

এমন আরেকটি সেলফি হোক সফল অভিযাত্রা শেষে

দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর তিন দিন কন্ডিশনিং ক্যাম্প করবেন বাংলার যুবারা। প্রস্তুতির পূর্ণতার জন্য ১১ জানুয়ারি জিম্বাবুয়ে যুব দলের সঙ্গে একটি অনুশীলন ম্যাচের ব্যবস্থাও করেছে বিসিবি। ১২ জানুয়ারি থেকে আইসিসির নিয়মিত সূচী অনুযায়ী দলে কার্যক্রম পরিচালিত হবে।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটি থেকেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জয় করে যুবারা। আকবরদের সেই সাফল্যের পর রাব্বীদের হাত ধরে আসে এশিয়ার শ্রেষ্ঠত্ব।