রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে নারী ও শিশুসহ দগ্ধ ৮ রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে তাই কেউ এখনো শঙ্কামুক্ত নন।
আজ শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দগ্ধদের বার্নের পরিমাণ কম হলেও তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় রোগীদের শঙ্কামুক্ত বলা যাবে না। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্নের এইচডিইউতে রাখা হয়েছে।
দগ্ধরা হলেন আশিক মোহাম্মদ খান (৩০), ডাক্তার কৌশিক বিশ্বাস (৩২), মাসুদ আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না ( ৪০), রিহান (৬) , মোহাম্মদ ইকবাল হোসেন (৪৮), ও দিহান (১১ )।
রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে চারজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে রাত ১০ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।