ভোটের আগের দিন নির্বাচন বর্জন করলেন তৃণমূল বিএনপির প্রার্থী

নারায়ণগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নৌকার প্রার্থী ও বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু তার নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছেন এমন অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেছেন। শনিবার (৬ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
এসময় তিনি বলেন, ‘আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন তার এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। এতে ভয়ে কেউ তার পোলিং এজেন্ট হতে রাজি হচ্ছে না। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শুরু থেকে আমার প্রতিদ্বন্ধী নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে হেনস্তা করে যাচ্ছে। ভয়ভীতি দেখানো হয়েছে। এজন্য কেউ ভোটকেন্দ্রে এজেন্ট হতে চাচ্ছে না। এ বিষয়ে কমিশনে অভিযোগ করেও প্রচারণার ক্ষেত্রে নিরাপত্তার বিষয় নিয়ে কোনো পরামর্শ বা সহযোগিতা পাইনি। এসব কারনে আমি নির্বাচন বর্জন করলাম।