ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল উদ্ধার

রাজশাহী নগরীর উপশহর এলাকার একটি ভোটকেন্দ্রের পাশ থেকে দুটি বালতিতে রাখা অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা গত শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর উপশহর প্রাইমারি স্কুলের পাশ থেকে এগুলো উদ্ধার করে। পরে আরএমপির বোম ডিসপোজাল ইউনিট এগুলো নিষ্ক্রিয় করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এডিসি মো. রুহুল আমিন বলেন, হরতালের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় নগরীতে একটি মশাল মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, মিছিলে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে। ওই মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে সেখান থেকে বিএনপির এক সমর্থককে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ককটেল বিস্ফোরণ ঘটানোর কথা স্বীকার করেন। পাশাপাশি দুটি বালতিতে ১০টি ককটেল একটি ভোটকেন্দ্রের পাশে রাখা হয়েছে বলেও তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে পাশের স্যাটেলাইট স্কুল মাঠে নিয়ে যায়। পরে আরএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ২টার দিকে এগুলো নিষ্ক্রিয় করে। ককটেলগুলো বেশ শক্তিশালী ছিল বলেও জানান তিনি।