নৌকার প্রার্থী বর্তমান সাংসদ নজরুল ইসলাম বাবুর সমর্থকদের বিরুদ্ধে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলেন নারায়ণগঞ্জ-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী আবু হানিফ হৃদয়। ভোটগ্রহণের ১৫ ঘণ্টা আগে গতকাল শনিবার বিকেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সোনালি আঁশ প্রতীকের এই প্রার্থী।
এদিন বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আবু হানিফ হৃদয় অভিযোগ করেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর লোকজন তার এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। এতে ভয়ে কেউ তার পোলিং এজেন্ট হতে রাজি হচ্ছেন না। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘নির্বাচনের প্রচার-প্রচারণার শুরু থেকে নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু আমার চরিত্রহরণ, গালাগালসহ হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে প্রচারণা থেকে দূরে রেখেছেন। এ বিষয়ে কমিশনে অভিযোগ করেও কোনো পরামর্শ বা সহযোগিতা পাইনি।’
‘রবিবার নির্বাচন, তার আগের দিন সরকারদলীয় প্রার্থীর লোকজন প্রতিটি গ্রামে আমার এজেন্ট না থাকার জন্য ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে সিল মারার পরিকল্পনা করছে। ফলে কেউ এজেন্ট হয়ে জীবনের ঝুঁকি নিতে রাজি নন। সাজানো ডামি প্রার্থীরাও তাকে সহযোগিতা করছেন। নির্দলীয় সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়,’ বলেন তিনি।