মেহেরপুরের গাংনীতে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠ পাকা সড়কের ওপর রেখে যাওয়া বোমাগুলো উদ্ধার করে গাংনীর হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। বস্তুগুলো উদ্ধারের পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ওই সড়কে কেউ যাতায়াত করছে না।
স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে তারা রাস্তায় কালো টেপ দিয়ে মোড়ানো চারটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যায়।
হেমায়েতপুর গ্রামের শিক্ষক সাফায়েত মওলা বলেন, ‘বোমার মতো বস্তুগুলো উদ্ধারের পর আতঙ্কে ওই সড়ক দিয়ে মানুষের চলাচল কমে গেছে।’
হেমায়েতপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই দেবাশীষ জানান, ‘খবর পেয়ে পুলিশ বোমাসদৃশ চারটি বস্তু উদ্ধার করে। পরে সেগুলো পুলিশ ক্যাম্পে নিয়ে নিষ্ক্রিয় করতে পানিভর্তি বালতির মধ্যে চুবিয়ে রাখা হয়েছে। আতঙ্ক সৃষ্টির জন্য কেউ এগুলো রাস্তায় পেতে রেখেছিল। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’