নৌকার ভোট চুরি হচ্ছে দাবি করে লাইভ আ.লীগ কর্মীর

রাজধানীর ঢাকা-৫ আসনে অন্য প্রার্থীর লোকেরা আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্নার ভোট চুরি করছেÑ এমন অভিযোগ করে গতকাল শনিবার রাতে আসনটির একটি কেন্দ্রের সামনে উত্তেজিত অবস্থায় লাইভে আসেন নিম্নি নামে এক নারী আওয়ামী লীগ কর্মী। তার দাবি, ওই কেন্দ্রে নৌকার বিরোধীরা ভোট চুরি করছে।

লাইভে নিম্নি বলেন, ‘আমার লাইভ যারা দেখছেন, তারা হারুনুর রশিদ মুন্না ভাইকে ফোন দেন, এই কেন্দ্রে নৌকার ভোট চুরি হচ্ছে।’ এ সময় বেশ শোরগোল শোনা যায়। নিম্নি তখন বলেন, ‘আমাকে হুমকি দেন? আমাকে মারবেন? আমার ওপর আল্লাহ আছে, হারুনুর রশিদ ভাই আছে, আমাকে মারবেন?’

কেন্দ্রের ভেতর লোক ঢুকে পড়ার দাবি তুলে তিনি লাইভে এসে নানা অভিযোগের কথা বলতে থাকেন। তাকে একজন বোঝানোর চেষ্টা করেন যে তিনি এমনিতেই কেন্দ্রে ঢুকেছিলেন। আলাপনে বোঝা যাচ্ছিল ওই ব্যক্তিও নিম্নির পরিচিত। লাইভে পুলিশের উপস্থিতিও দেখা যায়।

এই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে শক্তভাবে লড়তে হচ্ছে আরও দুই সরকার সমর্থক নেতা তথা স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। এই দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একজন সাবেক চারবারের সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে। অপরজন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।