করোনা বেড়ে শনাক্ত হার ৫%

দেশে দুদিন ধরে ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ সময় দৈনিক রোগীর সংখ্যাও কমে অর্ধশতকের নিচে নেমে এসেছে। তবে বেড়েছে করোনার সংক্রমণ। তিন দিন ধরে পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ৫ শতাংশ ছুঁইছুঁই করছে। এর আগের চার দিন এই হার ছিল ৪ শতাংশ করে। এ সময় করোনায় কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এর আগের দিন শুক্রবারও মৃত্যুশূন্য ছিল দেশ। এর আগের তিন দিন ঢাকায় একজন করে মারা গেছে ও ঢাকার বাইরে মৃত্যশূন্য ছিল। এ নিয়ে এ বছর গত ৬ দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এই তিনজনই নারী।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ১৭ জন ও ঢাকার বাইরে ২৫ জন। এর আগে সর্বশেষ ১০৬ জন রোগী ছিল গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। এরপর থেকেই রোগীর সংখ্যা শতকের নিচে নেমে আসে। বিশেষ করে গত দুদিন এ সংখ্যা অর্ধশতকের নিচে নেমে এসেছে।

এ নিয়ে এ বছরের গত ছয় দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৫ জনে। তাদের মধ্যে ঢাকায় ১৩২ ও ঢাকার বাইরে ২৩৩ জন রোগী ভর্তি হয়েছিল। এ সময় যে তিনজনের মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

গত ২৪ ঘণ্টায় ২১০টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত আট দিনের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। এর আগে এর চেয়ে কম ৭ জন রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ২৯ ডিসেম্বর। তিন দিন ধরে রোগীর সংখ্যা নিম্নমুখী রয়েছে। তবে শনাক্ত হার ঊর্ধ্বমুখী।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তিন দিন ধরে ৫ শতাংশ হারে রোগী শনাক্ত হচ্ছে। গতকাল শনিবার শনাক্ত হার ছিল ৪ দশমিক ৭৬ শতাংশ, তার আগের দিন শুক্রবার ৪ দশমিক ৮০ শতাংশ ও তার আগের দিন বৃহস্পতিবার ৪ দশমিক ৫৩ শতাংশ। এর আগের চার দিন শনাক্ত হার ছিল ৪ শতাংশ করে। সে হিসেবে এক সপ্তাহ ধরে করোনার শনাক্ত হার ঊর্ধ্বমুখী রয়েছে।