সিইসি বললেন

আমার কাজ ভোট আয়োজন করা, কে আসবে না আসবে জানি না

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, ভোটার উপস্থিতি কম বা বেশি সেগুলো আমি কিছু জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেছি। এতটুকুই জানি। 

আজ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

চলমান সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি সেগুলো নিয়ে চিন্তা-ভাবনা করি না। আমার কাজ হচ্ছে ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন কে আসবেন না; সহিংসতা হবে কি হবে না, এ বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন।

তিনি বলেন, সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় ভোট সম্পন্ন করা হয়। আপনারা সহযোগিতা করে থাকেন। আমি আপনাদের অনুরোধ করব ভোটের দৃশ্যমান ও স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। ভোট নিয়ে যদি কোন মানুষের মধ্যে অনাস্থা থাকে, সেটা যেন ক্রমান্বয়ে কেটে যায় এ প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের শুভ কামনা জানাচ্ছি।