ঢাকার বাইরেও পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনের মুড়াপাড়া ইউনিয়নের ৭২ নং গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার থেকে নারী ভোটার বেশি দেখা যায়।

আজ রবিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এই ভোট কেন্দ্রে বেলা ১১ টার পর্যন্ত এ দৃশ্য দেখা যায়।

খোজ নিয়ে জানা যায়,এই কেন্দ্রে পুরুষ ভোটার আছে ১২৮১ জন। আর নারী ভোটার আছে ১১৮১জন। পুরুষ ভোটার বেশি থাকলেও সকাল থেকে নারীর ভোটার বেশি এই কেন্দ্রে। সকাল ৮ টা থেকে বেলা ১০টার পর্যন্ত ৪০০ মতো ভোট পরে এই কেন্দ্রে। তবে বেশিরভাগ ভোটারই ছিল নারী ভোটার।

এই এলাকার স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মো. সেলিম দেশ রূপান্তরকে বলেন, ‘ভোটারদের আনাই হলো মূল চ্যালেঞ্জ। এখানকার পুরুষরা নারী ভোটারদেরকে কেন্দ্রে আনার কাজ করছে। যার জন্য এই কেন্দ্রে পুরুষ ভোটার থেকে নারী ভোটার বেশি।‘

রাবেয়া বেগম নামের এক নারী ভোটার বলেন, ‘রাজনৈতিক একটা ঝামেলা এড়াতে এই আসনে পুরুষ ভোটার কম। নারীদের তো কেউ বুঝতে পারে না কে কার দলের লোক। সে জন্য পুরুষরা ঝামেলা এড়াতে এই কেন্দ্র ভোট দিতে আসছে না।‘

সালমা নামের আরেক নারী ভোটার বলেন, ‘সকালেই আসলাম ভোট দিতে। কারণ বেলা বাড়লে ভির হতে পারে। বাসায় আরো অনেক কাজ আছে। তাই চলে আসলাম ভোট দিতে।‘