গাজায় কবর থেকে মরদেহ চুরি করছে ইসরায়েলি সেনারা!

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে কবরও রেহাই পাচ্ছে না। গাজার বাসিন্দারা জানিয়েছেন, ১ হাজার ১০০ কবরে বর্বরতা চালিয়েছে ইসরায়েলি সেনারা, এমনকি ১৫০টি মরদেহ চুরি করেছে তারা। গাজার তুফাহ কবরস্থনে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, কবরস্থানে ইসরায়েল বাহিনীর হামলা এবারই প্রথম নয়। গত মাসেও একই কাজ করে ৮০টি দেহ নিয়ে যায় তারা।

এদিকে গাজার খান ইউনিসে গতকাল রাতভর হামলা চালিয়ে ২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের আবাসিক এলাকায় এই হামলা চালায় তারা।

গেল বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ২২ হাজার ৭শ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; আহত হয়েছেন কমপক্ষে ৫৭ হাজার।