জামালপুর-২ (ইসলামপুর) আসনে কুলকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ২৫ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরে সহকারী প্রিজাইডিং অফিসার আইযুব আলীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয় স্থানীয়রা। শনিবার (৬ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ৷ পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে রাত ১টার দিকে ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে।
ভিডিওটিতে দেখা যায়, দুই থেকে তিন ব্যক্তি ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে টাকা দিচ্ছে। কে টাকা দিয়েছে? এমন প্রশ্নের এক পর্যায়ে সে স্বতন্ত্র প্রার্থীর নাম বলে। পরবর্তীতে যারা সহকারী প্রিজাইডিংকে প্রশ্ন করছে তারাই সেই অফিসারের চড়াও হতে দেখা গেছে।
স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক এস এম শাহিনুজ্জামান শাহীনের নির্বাচনী সমন্বয়ক এসএম জাহাঙ্গীর আলম বলেন, প্রতিপক্ষ নাটক তৈরি করে আমাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন। কুলকান্দি ঘটনা ঘটার সাথে সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রেস কনফারেন্স করে ফেলল। এটাতেই তো স্পষ্ট। এই ঘটনাটি সিনেমার মতো। তারা আমাদের জনপ্রিয়তা দেখতে না পেয়ে এই কাজ করেছে।
হরিণ ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ইব্রাহিম খলিল বলেন, কে বা কারা সেই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে টাকা দিয়েছে। পরে আরেক পক্ষের লোকজন তাকে ধরেছে। আমি দ্রুত প্রশাসনকে জানিয়েছি। পরে তাকে দ্বায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তাকে এখান থেকে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনারস্থলে এসিল্যান্ড গেছেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।