বলেছেন কার্লো আনচেলত্তি

'অন্য দলকে নিয়ে বিশ্লেষণ করা আমি পছন্দ করি না'

আরানদিনা স্প্যানিশ ফুটবলের অপরিচিত একটি দল। রিয়াল মাদ্রিদের চেয়ে যারা শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে। তবুও কার্লো আনচেলত্তির দল প্রথমার্ধে গোলহীন ছিল। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ায় রিয়াল। শেষ মুহূর্তে এক গোল শোধ করে আরানদিনা। তাতে রিয়াল মাঠ ছাড়ে ৩-১ গোলে।

রিয়ালের হয়ে এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে আলোচনায় থাকা তুরস্কের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আরদা গুলেরের। অভিষেকে গোল না পেলেও তার পারফরম্যান্স মুগ্ধ করেছে রিয়াল–সমর্থকদের। 

এ ম্যাচে দলের খেলা নিয়ে আনচেলত্তির মূল্যায়নটা ছিল এ রকম, ‘এটা কঠিন ছিল না, এটাই আমাদের কাজ। তারা নিজেদের খেলাটা খেলার চেষ্টা করেছে। প্রথমার্ধে তারা বেশি সুযোগ পেয়েছে। দ্বিতীয়ার্ধে শারীরিকভাবে তারা শক্তি হারিয়েছে।’

এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার খেলা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। লা লিগায় পয়েন্ট তালিকার তিনে থাকা বার্সাকে নিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘আমার মনে হয়, বার্সা ভালো করছে। তারা লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও কোপা দেল রের জন্য লড়াই করছে। অন্যদের বিশ্লেষণ করা আমি পছন্দ করি না। কিন্তু তারা সব কটি শিরোপার জন্য লড়াই করছে।’

একই রাতে আরেক ম্যাচে জয় পেয়েছে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা দল জিরোনাও। এলচের বিপক্ষে তাদের মাঠে জিরোনার জয় ২-০ গোলে। ম্যাচে অবশ্য এলচে ভালোই লড়াই করেছিল।