ভোটের দিনেও বিএনপি কার্যালয়ে তালা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বরাবরের মতো তালাবদ্ধ। আজ রবিবার সকালে কার্যালয়ের সামনে গিয়ে কার্যালয় তালাবদ্ধ দেখা যায়। সেখানে কোনো নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। সামনের রাস্তায় দুই-একটি রিকশা চলাচল করতে দেখা গেছে।

আগে বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সেখানে দেখা গেলেও রবিবার সেখানে পুলিশ সদস্যদেরও দেখা যায়নি। তবে পাশে হোটেল ভিক্টরির কাছে কয়েকজন পুলিশ সদস্যকে বসে থাকতে দেখা গেছে। কার্যালয়ের অদূরে ফকিরাপুল প্রান্তে পল্টন কমিউনিটি সেন্টার ও কাকরাইল নাইটিঙ্গেল মোড়ের আগে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে ভোট কেন্দ্র থাকায় কেন্দ্রের সামনে নৌকার সমর্থকদের চেয়ার নিয়ে বসে থাকতে দেখা গেছে। সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছিলেন।

কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে একটি চেয়ার পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘদিন কোনো নেতাকর্মী কার্যালয়ে না যাওয়ায় চেয়ারে ময়লায় ভর্তি দেখা গেছে। কার্যালয়ের নীচ তলায় একটি বইয়ের দোকান থাকলেও সেটি বন্ধ দেখা গেছে।

গত বছরের ১৪ নভেম্বরের পর থেকে কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যরা দূরে সরে গিয়ে হোটেল ভিক্টরির কাছে অবস্থান নেন। এর আগে গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর তালাবদ্ধ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত ফাঁকাই দেখা গেছে। প্রথম দিকে কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের আশপাশে অবস্থান নিতে দেখা গেলেও পরবর্তীতে পুলিশ সদস্যরা সরে যায়।