পুরনো কায়দায় ভোট ডাকাতির নির্বাচন হচ্ছে: জি এম কাদের

সরকারদলীয় লোকজন ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ রবিবার (৭ জানুয়ারি) দুপুরে রংপুর নগরের শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব অভিযোগ করেন।

জি এম কাদের বলেন, জামালপুর-কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করছে। যদিও আমাদের বারবার আশ্বস্ত করা হয়েছিল এমন কোনো ঘটনা ঘটবে না।

জিএম কাদের বলেন, ইতোমধ্যে সকাল থেকে আমি তিনটি ঘটনা জেনেছি যে ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোট স্বাভাবিক হবে না, সেই ধরনের একটা আবহ তৈরি করা হচ্ছে সেইসব জায়গায়। তবে সব জায়গার খবর এখনো পাইনি।

তিনি আরও বলেন, সব সময় আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে। হয়তো বোঝা যাবে ভবিষ্যতে। কোরবানি করে নির্ভেজাল একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে, এটাই আমরা আশঙ্কা করছিলাম। এসব আশঙ্কা সত্যি হয় কি না বিকেল হলেই বোঝা যাবে।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।