৩ দেশ থেকে অ্যাপে অ্যাটাক করা হয়েছিল : ইসি সচিব

নির্বাচনের তথ্য জানানোর জন্য তৈরি অ্যাপে অ্যাটাক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, জার্মানি, ইউকে, আরেকটি রাষ্ট্র থেকে অ্যাটাক করা হয়েছিল। হ্যাক বলা যাবে না, অ্যাটাক করা হয়েছিল। স্লো করে দেওয়া হয়েছিল। অ্যাপটি বর্তমানে স্লো চলছে, হ্যাক করার চেষ্টা করা হয়েছে। সমাধানে সারারাত আমাদের টিম কাজ করেছে।

অ্যাপ তৈরিতে ২১ কোটি টাকার তথ্যটি ভুয়া দাবি করে তিনি বলেন, যে কথাগুলো বলা হচ্ছে তা অসত্য। ২১ কোটি টাকা দিয়ে অ্যাপ তৈরি করা হয়নি। ছয় বছর মেয়াদীর একটি প্রকল্পে এই ব্যয় ধরা হয়েছে। এ পর্যন্ত ব্যয় হয়েছে আট কোটি টাকার মতো। কাজেই কেউ যদি বলে ২১ টাকা ব্যয় হয়েছে, এটি অসত্য তথ্য।

আজ রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জাহাংগীর আলম বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে তিনটি ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। যার মধ্যে একটি নরসিংদী আর বাকি দুটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। এগুলোতে আজ রবিবার আর ভোট হবে না। এখন পর্যন্ত জাল ভোটে তিনজনকে সাজা, ও ভোট কর্মকর্তাকে আটক করা হয়েছে।

ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্টগ্রামে ২০ ভাগ, সিলেটে ২৮ ভাগ, বরিশালে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহী ১৭ ভাগ, ময়মনসিংহে ২০ ভাগ। ২৯৯টি আসনে ১৮ দশমিক ২০ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছে তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুন্সিগঞ্জের নিহত হওয়ার ঘটনাটি ভোটকেন্দ্রের পাশে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এ ঘটনা আচরণবিধির সঙ্গে সম্পৃক্ত নয়। যিনি নিহত হয়েছেন তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন। সেখানকার পুলিশ সুপার জানিয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেবেন। যিনি দায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো হত্যাকাণ্ডই আমরা সাপোর্ট করবো না।