এবার ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে ইসরায়েলি মালিকানাধীন দু’টি তেল ট্যাংকারে ড্রোন হামলার খবর প্রকাশিত হয়েছে। জর্ডান নিউজের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি অনলাইন জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার এই দু’টি ইসরায়েলি ট্যাংকারে অজ্ঞাত জায়গা থেকে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
তবে জাহাজগুলোর কতটা ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। জাহাজগুলো বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল।
কিন্তু বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা চালানো হয়।
এর আগে ইয়েমেনের হুথি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে এই দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালী থেকে ২০০০ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হলো।
সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরেও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার ঘটনা ঘটছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে রাসায়নিক পদার্থবাহী কার্গো জাহাজে কেম প্লুটোতে ড্রোন হামলার ঘটনা ঘটে।