ঢাকা-১৪ আসনের একটি কেন্দ্রের গোপন কক্ষে (বুথ) সহকারী প্রিজাইডিং অফিসার খাবার খেতে বসায় ভোটারকে বাইরে ভোট দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে মিরপুর শাহ আলী মহিলা কলেজের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০৪নং প্রশাসনিক কক্ষে ভোট চলছিল। দীর্ঘ অপেক্ষায় ভোটার না আসায় সহকারী প্রিসাইডিং অফিসার গোপন কক্ষে খেতে বসেন। এসময় একজন ভোটার ভোট দিতে এলে সহকারী পোলিং অফিসার ব্যালটে স্বাক্ষর নিয়ে তাকে ভোট দিতে বলেন। গোপন কক্ষে একজন খাওয়ারত অবস্থায় থাকায় বাইরেই ভোট দেন ভোটার।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘আমার ডায়াবেটিস। সকাল থেকে না খাওয়ায় সেখানে খাইতে যাই। আমি আর কিছু বলতে পারবো না। আমি অসুস্থ মানুষ।’
এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খন্দকার সোলাইমান বলেন, ‘গোপন কক্ষে ভোট ছাড়া কোনো কিছু করার সুযোগ নেই। আর বাইরে ভোট দেওয়ারও কোনো নিয়ম নেই।’