বাড়ি আশেপাশে নানান গাছের বীজ কুড়িয়ে বিক্রি করে প্রতিমাসে এক থেকে দেড় লাখ টাকা আয় করছেন মালদহের এক যুবক। বীজ বিক্রির জন্য তাকে কোথাও যেতে হচ্ছে না। ঘরে বসেই অনলাইন মাধ্যমে তিনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
রবিবার (৭ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে জানা যায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে দিন দিন তার ব্যবসা বাড়ছে। ভারতের প্রায় প্রতিটি নার্সারিতে তার গাছের বীজ ইতোমধ্যে যাচ্ছে। শুধু তাই নয় বিশ্ববাজারসহ একাধিক দেশের বাজার দখল করেছেন পুরাতন মালদহের নবাবগঞ্জের বাসিন্দা গৌতম পাল। এরইমধ্যে নিয়মিত অস্ট্রেলিয়া, নেপাল, বাংলাদেশ, চিন ও সৌদি আরব এই সমস্ত দেশের ব্যবসায়ী ও নার্সারি মালিকরা বীজ কিনে নিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ ব্যবসা চলছে অনলাইন মাধ্যমে।
গৌতম পাল পেশায় একজন স্কুল শিক্ষক। ছোটবেলা থেকেই বাগান তৈরির শখ ছিল তার। সেই থেকেই ধীরে ধীরে এই দিকে ঝুঁকে পড়া। গত তিন বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।
শুধুমাত্র বীজ বিক্রি করাই নয়। পাশাপাশি তিনি প্রশিক্ষণ দেন কীভাবে বীজ থেকে চারা গাছ তৈরি করা যায়, কীভাবে গাছ লালন পালন করতে হয়। এই সমস্ত বিষয় তিনি অনলাইন মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকেন।