ভোটগ্রহণ বন্ধ করে ভোজে ব্যস্ত কর্মকর্তারা

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ভোটগ্রহণ বন্ধ করে দুপুরের খাবার খেতে ব্যস্ত হয়ে পড়েন প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা। গতকাল রবিবার দুপুর ২টায় ইসলামপুর উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়।

ভোটাররা জানান, ২টার দিকে ভোটগ্রহণ বন্ধ করে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাসহ ভোটগ্রহণের কাজে নিয়োজিত সবাই ভোটকেন্দ্রের কক্ষে মধ্যাহ্নভোজ শুরু করেন। এ সময় ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। খাওয়া-দাওয়া শেষে ২টা ১৫ মিনিটের দিকে ভোটগ্রহণ আবার শুরু হয়।

সূর্য বেগম নামে একজন ভোটার বলেন, ‘২০ মিনিট ধরে বারান্দায় অপেক্ষায় আছি, সবাই এখন খাবার নিয়ে ব্যস্ত। আমাদের আটকে রেখে সবাই একসঙ্গে খাচ্ছে।’

সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে অপেক্ষায় থাকা খোরশেদা বেগম নামে এক ভোটার বলেন, ‘বাড়ির কাজকর্ম ফেলে রেখে একসঙ্গে তিনজন ভোট দিতে এসেছি। কিন্তু এসে দেখি সবাই খাবার খাচ্ছে। এখন বসে আছি, খাওয়া হলে ভোট নেবে বলছে।’

সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসার সাজেদুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ বন্ধ করে খাবার খাওয়া হয়নি, ভোটার এখন নেই, তাই সবাই খাবার খাচ্ছে। এখনই ভোটগ্রহণ শুরু করা হবে।’

সহকারী রিটার্নিং অফিসার ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ বন্ধ করে খাওয়ার নিয়ম নেই। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’