জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর পুনর্নির্বাচন দাবি

জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা (ঈগল) রেজাউল করিম রেজনু সব কেন্দ্রে অবৈধভাবে ব্যালটে সিল মারার অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে তিনি নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচন দাবি করেছেন।

এ নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার সব কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে অবৈধভাবে সিল মেরে বাক্স ভরে রেখে আমার সুনিশ্চিত বিজয়কে নস্যাৎ করা হয়েছে। প্রশাসনের সর্বস্তরের সহযোগিতা নিয়ে নৌকা প্রতীকের আবুল কালাম আজাদের দুর্ধর্ষ কর্মীরা এক সপ্তাহ ধরে রাতের অন্ধকারে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রীসহ টাকা দিয়ে প্রভাবিত করে আসছিলেন এবং আমাদের বিভিন্ন নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাঙচুর, অগ্নিসংযোগ, কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, মারাত্মক ভয়ভীতি প্রদর্শন করাসহ বিভিন্ন অপকৌশলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করে তুলেছে। গত এক সপ্তাহে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে, যাতে করে আমার নেতাকর্মীরা ভোটের দিন মাঠে না থাকেন।’

তিনি আরও বলেন, ‘ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে আমার পোলিং এজেন্টেদের ভয় দেখানো হয়েছে এবং অন্যান্য নির্বাচনী প্রতিনিধিদের কেন্দ্র এবং মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন যে সুষ্ঠু হয়নি তার বাস্তব প্রমাণ হলো মেষ্টা ইউনিয়নের হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতেনাতে ভুয়া ভোটার ধরা পড়েছে এবং সংবাদমাধ্যমের কর্মীরা সেটি প্রচার করেছেন।’

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘তিনি কী অভিযোগ দিয়েছেন, তা আমরা পর্যালোচনা করব।’