সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূল এলাকায় ‘ওয়ার্ল্ড ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও দূষণে বিপর্যস্ত আশপাশের চারটি গ্রাম। গেল বছরের শুরুর দিকে কারখানাটি সিলগালা করে উপজেলা প্রশাসন। তবে গত ২/৩ মাস আগে এটি আবারও চালু করে মালিকপক্ষ।
জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া গ্রামে অবস্থিত কারখানাটিতে বিভিন্ন শিল্পকারখানা থেকে সংগৃহীত স্ক্র্যাপ বর্জ্য পুড়িয়ে জিংক অক্সাইড তৈরি করা হয়। পরবর্তী সময়ে এই জিংক অক্সাইড চীনে রপ্তানি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, কারখানাটি থেকে মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া ও মারাত্মক ধরনের দূষণ ছড়াচ্ছে বক্তারপাড়াসহ দক্ষিণ ঘোড়ামারা, পাকা মসজিদ ও বার আউলিয়া এলাকার কয়েক কিলোমিটার এলাকায়। প্রতিদিন রাত আনুমানিক ১২টার দিকে কারখানার অভ্যন্তরে সংরক্ষিত বর্জ্য আগুনে পোড়ানো হয়। তখন চারদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এছাড়া বাতাসে একটা দুর্গন্ধ ও এক জাতীয় দূষিত বস্তুকণা ভেসে বেড়ায়। এর ফলে আশপাশের কয়েকটি গ্রামের ফসল ও ফল-ফলাদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নারকেল, পেয়ারা, সুপারি, আমসহ অনেক ফল গাছে ফুল ও ফল দেওয়া বন্ধ হয়ে গেছে। কৃষকরা অনেক চেষ্টা করেও আশানুরূপ সবজি উৎপাদনে ব্যর্থ হচ্ছেন। তারা জানান, ২০২৩ সালের শুরুর দিকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় কারখানাটি সিলগালা করেন।
সম্প্রতি সরেজমিনে কারখানাটিতে দেখা যায়, কয়েকজন শ্রমিক বর্জ্য পোড়ানোর কাজ করছেন। তাদের সারা শরীর কালো প্রলেপে ঢেকে গেছে। এ সময় দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কারখানার পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রয়োজনীয় অনুমোদন না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানাটি সিলগালা করেন। পরবর্তী সময়ে আমরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে উনাকে দেখালে তিনি কারখানা পুনরায় চালু করার অনুমতি দেন। কারখানাটিতে বিভিন্ন শিল্পকারখানা থেকে সংগৃহীত স্ক্র্যাপ বর্জ্য পুড়িয়ে জিংক অক্সাইড তৈরি করা হয়। পরবর্তী সময়ে এই জিংক অক্সাইড চীনে রপ্তানি করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, আগের ইউএনও কতদিনের জন্য এটি সিলগালা করেছিলেন সেটা দেখে ও সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কারখানাটি পরিবেশ আইন ১৯৯৫ এর বিধান সঠিকভাবে পালন না করে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’