ফেনীতে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি

ফেনী-৩ আসনের সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সঙ্গে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রহিম উল্লাহর ঔদ্ধত্যপূর্ণ আচরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ওই কমিটিকে ঘটনাটি তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের অনুরোধ করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল রবিবার উপজেলার ভোরবাজারের অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালনকালে প্রিসাইডিং অফিসার ও বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অমির হোসেন চৌধুরীকে গালাগাল করে মারতে উদ্যত হন ও হুমকি দেন স্বতন্ত্র প্রার্থী রহিম উল্লাহ। তার এরূপ আচরণের ঘটনা তদন্তের জন্য রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তার পাঁচ সদস্যের কমিটি গঠন করেন।

প্রার্থী রহিম উল্যাহ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রিসাইডিং অফিসার জাল ভোট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এজন্য ওনার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে মৌখিকভাবে অভিযোগ দেওয়া হয়েছে।