মুন্সীগঞ্জ-৩ আসনে জেলা সদরের একটি ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা আগেই শেষ হয়ে গেছে ভোট। গতকাল রবিবারের নির্বাচনে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রের মহিলা বুথ ১ ও ২ নম্বর বুথের ভোটগ্রহণ দুপুর ২টাতেই শেষ দেখিয়ে ব্যালট বাক্স সিলগালা করেন প্রিসাইডিং অফিসার। তবে এ বিষয়ে প্রিসাইডিং অফিসার সাইদুর রহমান বলেন, ‘ভোটার উপস্থিতি না থাকায় ব্যালট বাক্সগুলো নিয়ে রেখে দেওয়া হয়েছে।’
তিনি জানান, দুটি বুথে ৪৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে নৌকা প্রতীকের আধিপত্য সকাল থেকেই ছিল। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কাঁচি প্রতীকের সমর্থকরা ও ভোটাররা কোণঠাসা। এ সুযোগে মহিলা বুথ দুটিতে নৌকার পক্ষে সিল মারা হয়েছে বলে জানান অনেকে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, ‘সেখানে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। আমি বিষয়টি দেখছি।’