সামাজিক মাধ্যমে ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় তিনজন মন্ত্রীকে বরখাস্ত করেছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বরখাস্ত হওয়া তিন মন্ত্রী হলেন মালশা শরীফ, মরিয়ম শিউনা ও আবদুল্লাহ মাহজুম মজিদ।
মোদির লাক্ষাদ্বীপ সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উপহাসমূলক মন্তব্য করেছিলেন তারা। বরখাস্ত হওয়া তিনজনই উপমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বরখাস্ত হওয়া মন্ত্রীরা মোদির একটি সোশ্যাল মিডিয়া পোস্টের প্রতিক্রিয়ায় তাকে "ক্লাউন", "সন্ত্রাসী" এবং "ইসরায়েলের পুতুল" বলে মন্তব্য করেছিলেন।
মোদিকে কটাক্ষ করা মন্তব্য নিয়ে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। ভারতীয়দের মধ্যে ক্ষোভ দেখা যায় এই মন্তব্যগুলোকে ঘিরে।
পরবর্তীতে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন যে মন্তব্যগুলি ব্যক্তিগত এবং সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না।
এছাড়া দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অফিসের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, "মন্তব্যের জন্য দায়ী সব সরকারি কর্মকর্তাকে তাদের পদ থেকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে।"
এ ছাড়া বিষয়টি নিয়ে, মালদ্বীপ সরকারের কাছে অসন্তোষ প্রকাশ করে ভারত সরকার। মালয়েশিয়ার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি মোহামেদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকারের কাছে তুলে ধরা হয়।
অন্যদিকে, ভারতীয় নাগরিকদের নজিরবিহীন আক্রমণের মুখে পড়ে এক্স থেকে পোস্টটি সরিয়ে নেন মরিয়াম শিউনা।
এদিকে, এ ঘটনার জেরে মালদ্বীপে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা অসংখ্য ভারতীয় পর্যটক, শেষ মুহূর্তে ভ্রমণ বাতিল করেছন। শুধু তাই নয়, ফেসবুকে প্লেনের টিকিট ও হোটেল বুকিংয়ের স্ক্রিনশট শেয়ার করে ‘বয়কট মালদ্বীপ’ প্রচারণাও শুরু করেছেন তারা।
মোহামেদ মুইজ্জুর নেতৃত্বাধীন সরকার গত বছর ক্ষমতায় আসার পর প্রায় ৭৫ জন ভারতীয় সেনাকে মালদ্বীপ ছেড়ে চলে যেতে বলার পর ভারত ও দ্বীপরাষ্ট্রটির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।