আ.লীগের ছেড়ে দেওয়া আসনে জাপাকে বিপুল ভোটে হারাল ঈগল

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমামকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীক নিয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তিনি ৫৬ হাজার ৮০১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট। এর আগে গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ নৌকার মনোনীত প্রার্থী আব্দুছ ছাত্তার দলীয় সভানেত্রীর নির্দেশে নৌকা প্রত্যাহার করে লাঙ্গলকে সমর্থন করেন।

গতকাল (০৭ জানুয়ারি) রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি এ ফলাফল ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই দুই প্রার্থী ছাড়াও স্বতন্ত্র আরও দুজন এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ছিলেন একজন। তাদের মধ্যে স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে কানিজ ফাতেমা পেয়েছেন ১৮৯ ভোট, বদরুল আলম প্রদীপ কেটলি প্রতীকে পেয়েছেন ১৯৩ ভোট এবং এনপিপির মো. আব্দুল্লাহ আল মামুন আম প্রতীকে পেয়েছেন ৩৩৪ ভোট। 

নবনির্বাচিত এমপি মাহমুদ হাসান সুমন বলেন, ঈশ্বরগঞ্জবাসীর এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ইনশা আল্লাহ এবার অবহেলিত ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করব।